কোলে দুধের সন্তানকে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী অধিকারের দাবিতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায়
দি নিউজ লায়ন ; প্রচণ্ড শীতের মধ্যে কোলে এক দুধের শিশুকে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর অধিকারের দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জঙ্গীপুর মহকুমার অন্তর্গত চাচন্ড এলাকায়। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বারহারোয়ার রিসোর গ্রামের বাসিন্দা ওই যুবতীর নাম জয়া সরকার। তাঁর দাবি, বছর ২ আগে জঙ্গীপুর মহকুমার চাচণ্ড এলাকার বাসিন্দা নিমাই দাসের সঙ্গে বিয়ে হয় তাঁর।
একটি সন্তান রয়েছে তাঁদের। বর্তমানেও অন্তঃসত্ত্বা জয়া। তাঁর অভিযোগ, স্বামী-শ্বশুরবাড়ি কেউ তাঁকে মেনে নিচ্ছে না। সেই কারণেই সকালে সন্তানকে কোলে নিয়ে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন ওই যুবতী। স্বীকৃতী না দেওয়া পর্যন্ত ধরনা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন তিনি।
এদিকে অভিযুক্ত যুবকের পরিবারের দাবি, তাঁদের ছেলের সঙ্গে জয়ার বিয়ে হয়নি। অন্য কারও স্ত্রী ওই যুবতী। সেখানে আশ্রয় না পেয়ে তাঁদের বাড়ির দরজায় বসেছে যুবতী। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক এলাকাছাড়া। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

Post a Comment